সিটি নির্বাচনে বিএনপির কোনও রূপরেখা নেই: তাপস

সিটি নির্বাচনে বিএনপির কোনও রূপরেখা নেই: তাপস

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:২৮

সিটি নির্বাচনে বিএনপির কোনও রূপরেখা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মুগদাপাড়া সিএনজি স্টেশন এলাকায় গণসংযোগের সময় তিনি এই মন্তব্য করেন।

ব্যারিস্টার তাপস বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে ঢাকাবাসীর জন্য বিএনপির কোনও রূপরেখা নেই। তারা জাতীয় রাজনীতির একটি কৌশল হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা তারা নিজেরাই বলেছে। এজন্য তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টায় লিপ্ত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা গণসংযোগে রয়েছি। আর তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে লিপ্ত রয়েছে। আমরা ঢাকাবাসীর কাছে যাচ্ছি এবং আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি। আর ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করছেন।’

প্রতিটি ওয়ার্ডে আধুনিক সেবা নিশ্চিত করার কথা উল্লেখ করে ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড রয়েছে। আমরা সেই ওয়ার্ডগুলোতে আধুনিক নগরের সব সেবা ও সুবিধাগুলো প্রদান করতে চাই। আমরা দীর্ঘমেয়াদি ৩০ বছরের নতুন পরিকল্পনা করবো। সেখানে এই ১৮টি ওয়ার্ডকে আমরা আধুনিক ওয়ার্ডে পরিণত করার মহাপরিকল্পনা প্রণয়ন করছি।’ এ জন্য নৌকা প্রতীক বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা শেখ তাপস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading