ইসির পদক্ষেপ ‘ইতিবাচক’: তাবিথ

ইসির পদক্ষেপ ‘ইতিবাচক’: তাবিথ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৩০

নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উদ্যোগে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রায়েরবাজার খেলার মাঠে বিএনপির নির্বাচনী ক্যাম্পে এসে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে, আমাদের সব অভিযোগ তারা আমলে নেবে, নিষ্পত্তি করবে। এটা শুনে আমি ইতিবাচক মনোভাব রাখতে পারছি।

গত মঙ্গলবার গাবতলীতে নির্বাচনী প্রচারণায় ‘হামলার’ অভিযোগ আনার পর নির্বাচন কমিশনের পদক্ষেপ দেখতে ৪৮ ঘণ্টা অপেক্ষা করার কথা জানিয়েছিলেন তাবিথ। সেই ৪৮ ঘণ্টা সময় শেষ হবে শুক্রবার (২৪ জানুয়ারি)। ধানের শীষের প্রার্থী তাবিথ জানান, ওই সময়সীমা অবধি তিনি নির্বাচন কমিশনকে সর্বত সহযোগিতা করবেন। নির্বাচনের প্রক্রিয়াকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য আমরা ৪৮ ঘণ্টা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। আমাদের বিশ্বাস, নির্বাচন কমিশন আমাদের অভিযোগ আমলে নেবে, অভিযোগ নিষ্পত্তি করবে। আমরা দেখতে চাই, তাদের কথা ও আগামীদিনের কাজে মিল আছে।

তাবিথ আউয়াল জানান, তিনি উত্তরের ৫৪টি ওয়ার্ডে ৩২৫ কিলোমিটারের বেশি পায়ে হেঁটে বিএনপির পক্ষে ‘ব্যাপক গণজোয়ার’ তৈরি করেছেন। প্রতিপক্ষ আওয়ামী লীগের হামলা, হুমকি-ধামকিতে সেই ‘গণজোয়ার’ আরও দৃশ্যমান হয়েছে বলে মনে করেন তাবিথ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী তাবিথের সঙ্গে এদিন গণসংযোগে অংশ নেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading