একসঙ্গে জাহিদ হাসান-ফারিয়া শাহরিন
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৩২
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। দুই পর্দাতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরইমধ্যে ঈদের একটি বিশেষ নাটকে অভিনয় করলেন তিনি। যদিও ঈদ আসতে এখনও বাকি মাস তেনেক। নাটকটির নাম ‘ছাপ্পর ফাইরা দিছে’। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান। সম্প্রতি রাজধানীর তিনশ ফিট ও গুলশানের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং। নাটকটিতে জাহিদ হাসানের সঙ্গে প্রথমবারের মত অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন। নির্মাতা শুভ্র খান বলেন, দেনায় জর্জরিত এক ছেলের গল্প ‘ছাপ্পর ফাইরা দিছে’ । হঠাৎ একদিন সে অনেক টাকার মালিক হয়ে যায়। এরপর সেই ছেলের মধ্যে পরিবর্তন চলে আসে। তার পার্সোনাল সেক্রেটারি থাকে ফারিয়া। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে। ফারিয়া শাহরিন জানান, আমি ছোটবেলা থেকে জাহিদ ভাইয়ের ভীষণ ভক্ত। তার সাথে স্ক্রীণ শেয়ার করতে পারাটা খুবই আনন্দের। কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। আর একটা সুন্দর ও গোছানো টিমের সাথে কাজ করেছি। কাজটাও ভালো হয়েছে বেশ। আসছে রোজার ঈদে আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা।

