তাবিথের বিরুদ্ধে বিচারপতি মানিকের রিট খারিজ

তাবিথের বিরুদ্ধে বিচারপতি মানিকের রিট খারিজ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ২০

হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

খারিজের আদেশে আদালত বলেছে, তাবিথের সিঙ্গাপুরের ব্যবসা সংক্রান্ত যেসব নথিপত্র দাখিল করা হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়িত নয়। বিএনপির মেয়র প্রার্থী তাবিথের সম্পদের তথ্য গোপনের খবর সম্প্রতি সংবাদ মাধ্যমে এলে তার প্রার্থিতা বাতিলে গত বৃহস্পতিবার ইসিতে আবেদন করেছিলেন বিচারপতি মানিক। নির্বাচন কমিশন এতে কোনো গুরুত্ব না নেওয়ায় রোববার হাইকোর্টে রিট আবেদন করেন আপিল বিভাগের সাবেক এই বিচারক।

সোমবার (২৭ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে আবেদনটির শুনানি হয়। দীর্ঘ শুনানিতে রিট আবেদনের পক্ষে ছিলেন কামরুল হক সিদ্দিকী। তাবিথের পক্ষে ছিলেন রোকন উদ্দিন মাহমুদ ও খায়রুল আলম চৌধুরী।

আদেশে আদালত বলেন, রিট আবেদনে তাবিথ আউয়ালের সিঙ্গাপুরে ব্যবসা সংক্রান্ত যেসব কাগজপত্র দাখিল করা হয়েছে, তাতে সিঙ্গাপুরে তার ব্যবসার একটা সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। কিন্তু যেসব কাগজপত্র রিট আবেদনকারী দাখিল করেছেন, সেসব কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়িত না। ফলে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তাছাড়া নির্বাচনের মাত্র চার দিন বাকি আছে। এই অল্প সময়ের মধ্যে এসব কাগজপত্র যাচাই করে বিষয়টির সুরাহা করা সম্ভব না। যদি কোনো পক্ষ আগ্রহী থাকে তাহলে তবে নির্বাচনের পরেও এ নিয়ে প্রশ্ন তুলতে পারেন। এটি উভয় পক্ষের জন্যই ভালো হবে। অতএব আবেদনটি সরাসরি খারিজ করা হল।

আদালতের আদেশের পর বিচারপতি মানিক বলেছেন, তিনি আপিল বিভাগে যাবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading