মুজিববর্ষে ২১ লাখ নিরক্ষরকে সাক্ষরতা শিক্ষা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ২০
মুজিববর্ষে দেশের ২১ লাখ নিরক্ষর নারী-পুরুষকে মৌলিক সাক্ষরতা শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’তে আমরা মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করব। এই প্রকল্পে ২১ লাখ নিরক্ষর নারী-পুরুষকে মৌলিক সাক্ষরতা জ্ঞান শিক্ষা দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক নিরক্ষর হবেন নারী।
সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। সরকারি দলের সংসদ সদস্য নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ। সাক্ষরতার হারে পুরষের চেয়ে নারীরা শতকরা ৫ ভাগ পিছিয়ে আছে। জাকির হোসেন বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বয়স্কদের সাক্ষরতার হার বাড়ানো জরুরি। সেজন্য বয়স্কদের সাক্ষর করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ডা. রুস্তুম আলী ফরাজীর প্রশ্নের জবাবে জাকির হোসেন জানান, নতুন জাতীয়করণ করা সরকারি প্রাথমিক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে যথাক্রমে ২ হাজার ৪০০ ও এক হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়নের কার্যক্রম নেওয়া হয়েছে।

