ধর্ষণ করে লাইভে আসা ৪ বন্ধু রিমান্ডে

ধর্ষণ করে লাইভে আসা ৪ বন্ধু রিমান্ডে

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৩৮

গাজীপুরের শ্রীপুরে জন্মদিন উদযাপনের কথা বলে ডেকে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণ করে ফেসবুক লাইভে যাওয়া চার বন্ধুর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুর আদালতের পরিদর্শক মীর রকিবুল ইসলাম জানান, ধর্ষণ মামলার চার আসামিকে পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। এদের মধ্যে আহসান ওরফে হাসানের (১৬) শুনানি হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে এবং বাকি তিন আসামির শুনানি হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। পরিদর্শক মীর রকিবুল ইসলাম আরো জানান, শুনানি শেষে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ আসামি আহসান ওরফে হাসানের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন। অন্য তিন আসামি শরীফ হোসেন (১৮), ইমরান হাসান সুজন (১৯) ও শরিফ উদ্দিন মোল্লার (২০) শুনানি হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের আদালতে। শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি জন্মদিন উদযাপনের কথা বলে শ্রীপুর উপজেলার নয়নপুরের এক বাসায় ওই কিশোরীকে তারা ডেকে নেয়। অনুষ্ঠানের এক পর্যায়ে কিশোরীকে পূর্বপরিকল্পিতভাবে কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করায়। পরে ওই চার বন্ধু ওই কিশোরীকে গণধর্ষণ করে। ঘটনাটি ভিকটিম তার পরিবারের অন্যদের কাছে প্রকাশ করতে গেলে গণধর্ষণকারীরা তাকে ভয়-ভীতি দেখায় এবং জীবন নাশের হুমকি দেয়। ঘটনার পর অভিযুক্ত চার বন্ধু ফেসবুক লাইভে যায়। ভিডিওটিতে দেখা যায়, তাদের একজন হাসতে হাসতে বলছে, ‘হ্যালো ফ্রেন্ডস, আমরা আগামীকাল হয়তো জেলে থাকতে পারি, না হয় বাড়ির আশেপাশে থাকতে পারমু না…..।’ এ ভিডিওটি প্রকাশের পর তা ভাইরাল হয়। এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন এবং ভিকটিমের পরিবার আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১ এর নিকট আইনগত সাহায্য কামনা করেন। র‌্যাব গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই অভিযুক্ত চার ধর্ষককে গ্রেপ্তার করে। র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন শনিবার সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে ঘটনার সত‌্যতা স্বীকার করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading