১৩ ক্লাবে জুয়া বন্ধে রায় ৯ ফেব্রুয়ারি

১৩ ক্লাবে জুয়া বন্ধে রায় ৯ ফেব্রুয়ারি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২৯

রাজধানীর ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধে রুলের রায়ের দিন পিছিয়েছে উচ্চ আদালত। নতুন করে আগামী ৯ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৩ জানুয়ারি ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। প্রথমে রায় ঘোষণার জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত। তবে এদিন সেই তারিখ পরিবর্তন করা হয়।

ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীবের এক রিটের ওপর প্রাথমিক শুনানি গ্রহণ করে আদালত ২০১৬ সালের ৪ ডিসেম্বর এ বিষয়ে রুল জারি করেন। অন্যান্য ক্লাবগুলো হলো- গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব- ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব- গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব, নারায়ণঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব।

জুয়া জাতীয় অবৈধ ইনডোর গেম যেমন কার্ড, ডাইস ও হাউজি খেলা অথবা এমন কোনো খেলা, যাতে টাকা বা অন্য কোনো বিনিময় হয়ে থাকে- তা বন্ধের নির্দেশনা কেন দেয়া হবে না- রুলে তা জানতে চায় আদালত।

রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ সাংবাদিকদের বলেন, ঢাকা মেট্রোপলিন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এবং পাবলিক গেম্বলিং অ্যাক্ট ১৮৬৭ অনুযায়ী কোনো প্রকার জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ। একইসঙ্গে সংবিধানের ১৮(২) অনুচ্ছেদ অনুযায়ী সরকারকে পতিতাবৃত্তি ও জুয়া খেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading