বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৮ ক্যাডারকে নিয়োগের নির্দেশ

বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৮ ক্যাডারকে নিয়োগের নির্দেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২৯

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ ও ৩৫তম পরীক্ষায় উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত ২৮ জন ক্যাডারকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে ওই দুই বিসিএসে উত্তীর্ণ অন্যদের নিয়োগ তারিখে এই ২৮ জনকেও নিয়োগের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

২৮ জন প্রার্থীর রিটের শুনানি শেষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন, আব্দুস সাত্তার পালোয়ান ও মো. ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

পরে অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ‘সুপারিশ করার পরেও তাদের নিয়োগ না দেওয়ার মূল কারণ হচ্ছে—তাদের চাকরির বয়সসীমা পার করে দেওয়া। আদালত রুল যথাযথ ঘোষণা করে তাদের নিয়োগ দিতে বলেছেন। যে সময়ে আবেদনকারীদের সঙ্গে অন্যরা নিয়োগ পেয়েছেন, সেই তারিখে তাদেরও নিয়োগ দিতে হবে। আর এটা করতে হবে আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে।’

এর আগে ৩৪তম ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ না পেয়ে ওই ২৮ প্রার্থী হাইকোর্টে পৃথক তিনটি রিট দায়ের করেন। এসব রিটের শুনানি নিয়ে সুপারিশকৃত আবেদনকারীদের নিয়োগ দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং তাদের নিয়োগ দিতে ও গেজেটে নাম প্রকাশ করার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে শুনানি শেষে এসব রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন উচ্চ আদালত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading