কিউইদের দলে নতুন মুখ জেমিসন

কিউইদের দলে নতুন মুখ জেমিসন

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪০

ইন্ডিয়ার বিপক্ষে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।  এবার দলে নতুন মুখ হিসেবে দেখা যাবে পেস বোলার কাইল জেমিসন। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলার সুযোগ স্কট কুগেলেইন ও হামিশ বেনেটের সামনে।

লকি ফার্গুসনের চোটে গত বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে ডাক পেয়েছিলেন জেমিসন। ‘এ’ দলের সিরিজে ইন্ডিয়ার বিপক্ষেও খেলেছেন কয়েকদিন আগে। তাতেই লকি ফার্গুসনের বদলে ওয়ানডে দলে তার থাকার ইঙ্গিত মেলে। চোটে আরও দুই পেসার ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি নেই। বেনেট ও কুগেলেইন তাদের সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৭ সালে আয়ারল্যান্ড সফরে। অনভিজ্ঞ এ পেস আক্রমণের নেতৃত্ব দেবেন টিম সাউদি।

গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালের পর ৫ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। টপ অর্ডারে হেনরি নিকলসকে ধরে রেখেছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে চোট পাওয়া টম ল্যাথাম সুস্থ, উইকেটকিপিং গ্লাভস থাকবে তার হাতে। হ্যামিল্টনে সিরিজের প্রথম ম্যাচের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে লেগস্পিনার ইশ সোধিকে। এরপর তিনি ‘এ’ দলের চারদিনের ম্যাচে যোগ দেবেন। বাকি দুটি ম্যাচ ৮ ও ১১ ফেব্রুয়ারি।

তিন ম্যাচের সিরিজে সাউদির পেস আক্রমণের ওপর ভরসা রাখছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড, ‘আমাদের নতুন চেহারার পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে টিম সাউদি। আমাদের বিশ্ব সেরা ব্যাটসম্যানদের সামনেও বিশাল সুযোগ। বোলিং লাইনআপ নতুন মনে হলেও ব্যাটিংটা অনেক গোছানো।’

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, স্কট কুগেলেইন, টম ল্যাথাম, জিমি নিশাম, হেনরি নিকলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি (প্রথম ওয়ানডে), টিম সাউদি ও রস টেলর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading