শতভাগ বিজয় দেখছেন আতিকুল
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:২৮
নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচনী প্রচারের শেষদিন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভাসানটেক বাজার এলাকায় গণসংযোগে গিয়ে তিনি বলেন, কর্মী-সমর্থকদের যে ভালোবাসা তাতেই জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এক প্রশ্নে অঅতিকুল বলেন, আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি যেখানেই গিয়েছি সেখানেই মানুষের স্রোত দেখেছি। পথসভা আর পথসভা থাকে না, সেটা রূপ নেয় জনসভায়। যেখানে জনসভা করি, সেটি রূপ নেয় জনসমুদ্রে। মানুষের জোয়ার নেমেছে।
নির্বাচনী প্রচারে আবাল-বৃদ্ধ থেকে শুরু করে যুবক-যুবতী, শিক্ষার্থী, পেশাজীবী, চিত্রজগতের মানুষ সবাই রাস্তায় নেমেছে বলে জানান তিনি। আমি তাই মনে করি, আগামী পহেলা ফেব্রুয়ারি জনগণের ভালোবাসায় নৌকা জিতবেই জিতবে- ইনশাআল্লাহ। দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য, সুস্থ্য, সচল, সুন্দর ঢাকা গড়তে আপনাদের মূল্যবান ভোটটি নৌকা মার্কায় দেবেন।
১ ফেব্রুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আতিকুল বলেন, যত বেশি ভোটার আসবেন নৌকায় ততবেশি ভোট পড়বে। বিএনপির প্রতি ইঙ্গিত করে নৌকার পক্ষে গণজোয়ার দেখে প্রতিপক্ষ টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভাসানটেক বাজার এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন আতিকুল ইসলাম। তিনি ভোটারদের কাছে গিয়ে ভোট চান ও নৌকা মার্কার লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, অভিনেত্রী তানভীন সুইটি, বাঁধন প্রমুখ।

