সিলেটে ‘আল্লাহর দলের’ ৯ সদস্য আটক

সিলেটে ‘আল্লাহর দলের’ ৯ সদস্য আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৩৬

সিলেটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ ৯ সদস্যকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার আরামবাগের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরের শাহজালাল উপশহর এলাকায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। এ সময় ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ সুপার মোহিদুজ্জামান, এসএমপির উপকমিশনার (ডিসি দক্ষিণ) সোহেল মাহমুদ, এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা উপস্থিত ছিলেন। আটকরা হলেন- বগুড়ার আব্দুল মান্নান আখন্দের ছেলে মানিক আখন্দ (৩২), নোয়াখালীর আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর (২০), সিলেটের জকিগঞ্জের মখদ্দস আলীর ছেলে রাসেল আহম্মদ (২৪), একই এলাকার মুক্তাদির মিয়ার ছেলে কামাল আহমদ (২৫), কুমিল্লার আব্দুল আলীর ছেলে আবুল কালাম আজাদ (২০), সুনামগঞ্জের আব্দুল আজিজের ছেলে তমিজ উদ্দিন সুমন (৩০), রাজশাহীর কায়েম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম, সিলেটের টুকেরবাজারের আব্দুস সালামের ছেলে জুয়েল আহম্মেদ (২৪) ও সিলেটের গোলাপগঞ্জের আলাউদ্দিনের ছেলে স্বপন আহম্মেদ (২১)। আটকদের কাছে থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কাগজপত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল সিলেটে এসে এ অভিযান পরিচালনা করে। সিলেট মহানগর পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ সুপার মোহিদুজ্জামান। তিনি আরও বলেন, আটকরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার উদ্দেশ্যে গোপন বৈঠক, পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হয়েছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সিলেটের শাহপরাণ (রহ.) থানায় মামলা করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading