একাই বাসে ভ্রমণ করে যে কুকুর!
উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২১
অনেকেই একা একা চলাফেরা করতে ভয় পান। যারা সঙ্গী ছাড়া বাইরে বের হতে চান না, তাদের জন্য বুদ্ধি আর সাহস জোগাতে সহায়ক হতে পারে ‘এক্লিপস’ নামে ছবির এই কুকুর। প্রতিদিন নির্দিষ্ট একটা সময় একা একাই বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে। বাস এলে গলায় ঝোলানো টিকিট দেখিয়ে আরোহণ করে এবং গন্তব্যে পৌঁছলে ঠিকঠাক নেমে যায়। সে নামে একটি পার্কে এবং সেখানে অন্য আরও কুকুরের সঙ্গে ঘণ্টাখানেক খেলা শেষে ফের বাসে চড়ে বাড়ি ফেরে। আর এই কাজে তার কোনো মানুষ বন্ধুর প্রয়োজন পড়ে না! সম্প্রতি এই বুদ্ধিমান কুকুরটির খোঁজ মিলেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। কুকুরটির একা একা বাসভ্রমণ শুরুর গল্পটাও বেশ মজার। এক্লিপসকে সঙ্গে নিয়ে একদিন তার মনিব জেফ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। হাতের সিগারেট শেষ না হওয়ায় বাসে উঠতে দেরি করছিলেন; কিন্তু এক্লিপসের সেটা আর সহ্য হয়নি। মনিবকে ফেলে একাই লাফ দিয়ে বাসে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে বাসও ছেড়ে দেয়। জেফ আর ওই বাসটিতে উঠতে পারেননি। সৌভাগ্যবশত বাসের চালক কুকুরটি চিনতেন। তাই পুরনো গন্তব্যে আসতেই তাকে নামিয়ে দেন। পরে জেফও সেখানে পৌঁছেন। এভাবে একা একা বেশ কয়েকবার বাসভ্রমণের পর জেফ বুঝতে পারেন, এক্লিপস তার ধারণার চেয়েও বুদ্ধিমান। একা চলাফেরায় তার কোনো সমস্যাই হবে না। যাতায়াতের সুবিধার কথা ভেবে কুকুরটির গলায় বাসের টিকিট বেঁধে দেন তিনি।

