খালেদার মুক্তির আন্দোলন গড়তে না পারায় ‘লজ্জিত’ নজরুল
উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২২ঃ০১
খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে ধরনের আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, আমরা সেই আন্দোলন গড়ে তুলতে পারিনি’- এই আত্মসমালোচনা বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানের। তিনি বলেন, সেই গণআন্দোলন গড়ে ওঠেনি। তবে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। কর্মসূচি দিতে হবে। গণআন্দোলন আজান দিয়ে আসে না, ওটা ঘটে। আন্দোলন গড়ে তুলতে না পারায় আমরা লজ্জিত! রবিবার (৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, যে প্রক্রিয়ায় যেভাবে খালেদা জিয়া মুক্ত হতে পারবেন, সে প্রক্রিয়া ২০ দলীয় জোট অতি শীঘ্রই গ্রহণ করবে। ২০ দলীয় জোট খালেদা জিয়ার মুক্তির দাবিতে এককভাবে কর্মসূচি ঘোষণা দেবে। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়ে গেছেন, খুন হয়েছেন, অনেক নেতা-কর্মী এলাকা ছাড়া হয়েছেন। তবুও কেউ দল ত্যাগ করেননি, আন্দোলন থেকে সরে দাঁড়াননি। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখন জেগে ওঠে বোঝা মুশকিল, অধিকারের জন্য তারা কাউকে ছাড় দেয় না। তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। এদেশে এখন আর নির্বাচন নেই, গণতন্ত্র নেই। তাই, গণতন্ত্রের জন্য, এ দেশের মানুষের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। সে মুক্তি কখন কিভাবে ঘটবে তা হয়তো এখনই বলা যাচ্ছে না, তবে সে মুক্তি অতি শিগগিরই হবে।
বিএনপি’র এই নীতিনির্ধারক বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনবিমুখ। মানুষ এখন আর ভোট দিতে যায় না। জনগণের এখন আর ভোটে আস্থা নেই। এই সরকার আস্থার জায়গাটা নষ্ট করে ফেলেছে।
সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির মনজুরুল ইসলাম ভুইঁয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

