নোয়াখালীতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১৩
নোয়াখালীতে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে জেলা এ কর্মসূচি পালিত হয়। যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আয়োজনে পালিত এ কর্মসূচিতে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের অপরাধীদের শাস্তির দাবি জানান সাধারণ জণগন। এছাড়া মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়।
নোয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের যুগ্ম-আহ্বায়ক এবিএম আবদুল আলীম, আক্তারুল ইসলাম, আমিরুল ইসলাম হারুন, আবুল হাসেম, মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৮ জানুয়ারি একই দিনে নোয়াখালীর সূবর্ণচরে বাক প্রতিবন্ধী এক শিশু ও বেগমগঞ্জের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এছাড়াও সারা দেশে যে ধর্ষণ চলছে তার দায়ভার আমাদের নিতে হবে, কারণ আমরা সমাজেরই অংশ। সমাজের সকলে একইসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেই সমাজ থেকে এ ব্যধি দূর করা সম্ভব। এছাড়া মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিক, উন্নয়নশীলকর্মী ও সাধারণ জনতা অংশ নেয়।

