রাজধানীতে ৫ জঙ্গি গ্রেপ্তার
উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪১
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তাররা হলেন- মো. নিজাম উদ্দিন, মো. রায়হান ভূঁইয়া, মো. হানিফ উদ্দিন সুমন, শেখ ইফতেখারুল ইসলাম ওরফে আরিফ ও মুফতি মুসলিম উদ্দিন ওরফে মুসলিম।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সবুজবাগের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, তিনটি ব্যাগ ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. ইলিয়াছ শরীফ এ তথ্য জানান। ডিএমপির ওই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল-ইসলামের অনুসারী কথা বলে স্বীকার করেছে।
মো. ইলিয়াছ শরীফ বলেন, তারা ওই সংগঠনের আদর্শ বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে দেশের বিভিন্ন জেলা থেকে সুবজবাগে একত্রিত হয়েছিল। তিনি বলেন, সম্প্রতি আনসার আল-ইসলামের নেতা আবু কায়সার ওরফে রনির নির্দেশে এই গ্রুপের সদস্যরা ইসকন মন্দির ও ইসকনের অন্যান্য স্থাপনায় হামলা পরিকল্পনা করেছিল। সবুজবাগ থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

