‘তথাকথিত’ আলেমদের তালিকা করার পরামর্শ সংসদে
উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৪৮
ওয়াজের নামে ‘ইসলামবিরোধী’ প্রচারের বিষয়ে ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সজাগ থাকার আহ্বান জানিয়ে ‘তথাকথিত’ আলেমদের তালিকা করার পরামর্শ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সম্প্রতি কিছু ওয়াজ মাহফিলে বিতর্কিত বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে সোমবার (১০ ফেব্রুয়ারি) সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় তিনি এ পরামর্শ দেন।
মোজাম্মেল বলেন, ধর্মীয় সভা হওয়া উচিত। কিন্তু ধর্মসভার নামে ইসলামবিরোধী যেসব অপপ্রচার হচ্ছে, সেদিকে ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সজাগ থাকতে হবে। তথাকথিত আলেমনামধারীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগই ইসলামের পৃষ্ঠপোষকতা করে এসেছে দাবি করে মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগ ইসলামবিরোধী- এই মিথ্যাচারের বিরুদ্ধে সচেতন হওয়া উচিত।

