বিএনপি আগামী নির্বাচনগুলোতেও যাচ্ছেঃ মির্জা ফখরুল

বিএনপি আগামী নির্বাচনগুলোতেও যাচ্ছেঃ মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৫৮

ডিসিসি নির্বাচনের পর সরকার ও ইসির প্রতি অনাস্থা বাড়লেও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ আসন্ন নির্বাচনগুলোতে অংশ নেবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার চট্টগ্রামে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানান।

তিনি বলেন, “সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশ নেব। এ সিদ্ধান্ত আগেই হয়েছে। উপনির্বাচনগুলোতেও আমরা অংশ নিচ্ছি। সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি।” দশম সংসদ নির্বাচন বর্জন করলেও দলীয় প্রধান খালেদা জিয়াকে কারাগারে রখেই একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। ভোট ডাকাতির অভিযোগ তুলে সেই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলেও এ মাসে অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আসে দলটি।

এই নির্বাচনেও কারচুপির অভিযোগ তুলে বিএনপি বলেছিল, আওয়ামী লীগ আমলে বর্তমান ইসির অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। চট্টগ্রাম সিটি নির্বাচনের পাশাপাশি ঢাকার একটিসহ কয়েকটি সংসদীয় আসনে নির্বাচনে হকে যাচ্ছে মাসখানেকের মধ্যে। এই পরিস্থিতিতে আর কোনো নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে বিএনপিকে মনোযোগ দিতে পরামর্শ দিয়েছিলেন এই দল সমর্থক পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরী।

তবে তার বিপরীতে গিয়ে দলীয় সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ফখরুল বলেন, “নির্বাচনে অংশ নেওয়া সব থেকে বড় গণতান্ত্রিক আন্দোলন।” ঢাকা সিটি নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রেও একই কারণ দেখিয়ে তিনি বলেছিলেন, আন্দোলনের অংশ হিসেবে এই ভোটে অংশ নিচ্ছেন তারা। বিএনপির চট্টগ্রামের নেতাদের ভোটের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনাও দেন বিএনপি মহাসচিব।

“এই যে নির্বাচনে যাবেন, সংগঠন যদি শক্ত না থাকে তাহলে কেন্দ্রে দাঁড়াতে পারবেন না। দ্বিধা-বিভেদ-দ্বন্দ্ব না রেখে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলুন, যাতে এই দানবকে পরাজিত করতে পারি।”

নগরীর নাসিমন ভবনে বিএনপির মহানগর কার্যালয়ে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের সঞ্চালনায় এই সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

আগামী ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হারলেও তার আগের মেয়াদে বিএনপির এম মঞ্জুর আলম চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading