‘এনকাউন্টার’র ফার্স্টলুক
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২০
নেশা ও মাদক আগ্রাসনের সমকালীন গল্প নিয়ে নির্মাতা অনিরুদ্ধ রাসেল নির্মাণ করছেন ‘এনকাউন্টার’। এতে কেন্দ্রীয় চরিত্রে প্রথমবারের মত অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা । এর আগে ‘গেরিলা’ ছবিতে তাকে দেখা গেলেও এবারই প্রথম মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর তার সঙ্গে রয়েছেন শিবা আলী। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ফার্স্টলুক। যেখানে দেখা যায়, শ্যামল মাওলার জড়িয়ে ধরে আছেন শিবা। আর পেছন দিকে হাতকড়া পড়ানো রয়েছে শ্যামল মাওলার। ছবিতে শ্যামল মাওলা অভিনয় করেছেন মাদক সম্রাটের ডান হাত সিয়াম চরিত্রে।
আর শিবা আলী খানকে দেখা যাবে একজন সাধারণ গার্মেন্টস কর্মীর চরিত্রে। ভারটেক্স প্রোডাকশন হাউসের প্রযোজনায় এর চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও রূপান্তর। শ্যামল মাওলা ও শিবা ছাড়াও ‘এনকাউন্টার’ ছবিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, সাদিয়া তানজিন, কবির টুটুল, শিশুশিল্পী আরিয়া অরিত্রি, অপু আহমেদ প্রমুখ। শিগগিরই ছবির ট্রেলার প্রকাশ পাবে বলে জানান এর নির্মাতা। আর আসছে এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

