দু’বছরের জন্য নিষিদ্ধ ম্যানচেষ্টার সিটি
উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১
ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার (দ্য ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ (এফএফপি) ভঙ্গের অভিযোগে দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হলো ম্যানচেস্টার সিটি। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই নির্দেশ দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা। নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যানসিটিকে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে উয়েফা। নিষেধাজ্ঞা তুলে নিতে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন স্পোর্টসে আবেদন করবে ম্যানসিটি। এক বিবৃতিতে ইংলিশ লিগের অন্যতম সফলতম ক্লাবটি জানিয়েছেন,‘আমরা উফেয়ার সিদ্ধান্তে হতাশ তবে অবাক নই।’
এদিকে উয়েফার দাবি, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত, এ চার বছরে স্পন্সরদের কাছ থেকে প্রাপ্ত অর্থের ব্যাপারে ম্যানসিটি সঠিক তথ্য দেয়নি। পাশাপাশি লভ্যাংশ নিয়ে ভুল দেওয়া হয়েছে। তদন্তেও সহযোগিতা করেনি সিটি। তাইতো উয়েফা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে আছে গার্দিওলার শিষ্যরা। শেষ আটের লড়াইয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি ম্যানসিটি খেলবে রিয়াল মাদ্রিদের মাঠে।

