২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে মরক্কোর বড় দাবি, মুহূর্তেই জবাব দিল ফিফা
উত্তরদক্ষিণ। শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ০৯:২০
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল মরক্কোয় অনুষ্ঠিত হবে বলে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধানের করা দাবি নাকচ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। তবে তিন দেশের মধ্যে ফাইনাল আয়োজনের অধিকার কে পাবে, তা এখনো নির্ধারণ করেনি ফিফা।
রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা বৃহস্পতিবার এক রাজনৈতিক সমাবেশে দাবি করেন, বিশ্বকাপের ফাইনাল আয়োজনের অধিকার মরক্কো পেয়ে গেছে।
লেকজার বক্তব্যের বরাত দিয়ে এপি জানিয়েছে, তিনি বলেন, ‘বেনস্লিমান শহরেই বিশ্বকাপের ফাইনাল হবে। কেউ এটি পছন্দ করুক বা না করুক, আর কেউ এ নিয়ে কথা বলতে চাইলে বলতে পারে।’
তিনি আরও বলেন, ‘শহরটি বেনস্লিমান, স্টেডিয়ামটি হাসান-২ স্টেডিয়াম। আমি আশা করি, মরক্কো সেখানে খেলবে।’
মরক্কোর রাজধানী রাবাত থেকে খুব দূরে নয়, ক্যাসাব্লাঙ্কার কাছে নির্মাণ করা হচ্ছে ১ লাখ ১৫ হাজার আসনের এই স্টেডিয়াম। এর আনুষ্ঠানিক নাম কিং হাসান-২ স্টেডিয়াম। এটি চালু হলে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলোর একটি হবে।
তবে লেকজার এই বক্তব্যের পর ফিফা স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বকাপের ফাইনালের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ফিফা বলেছে, ফাইনালের আয়োজক ভেন্যু ‘যথাসময়ে’ নির্ধারণ করা হবে।
২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে মরক্কো, স্পেন ও পর্তুগালকে বেছে নেওয়া হয়েছে। এর পাশাপাশি বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে মূল টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে।
মরক্কো বিশ্বকাপের ফাইনাল আয়োজন করতে পারলে আফ্রিকার জন্য এটি হবে বড় ঘটনা। এর আগে একমাত্র আফ্রিকান দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ২০১০ সালের বিশ্বকাপ আয়োজন করেছিল। ২০৩০ সালের আসর হবে আফ্রিকায় দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী বছর পুনর্নির্বাচনের দৌড়ে রাজনৈতিক সমর্থনের বিনিময়ে মরক্কোকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। ফিফা অবশ্য ওই খবরও অস্বীকার করেছিল।
এবার মরক্কোর ফুটবল ফেডারেশন সভাপতির প্রকাশ্য বক্তব্যের পর আবারও ফাইনালের ভেন্যু নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ফিফার সর্বশেষ অবস্থান অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইউডি/কেএস

