অনিশ্চিত জীবন নিয়ে রাস্তায় ২০০ মেডিক‌্যাল শিক্ষার্থী

অনিশ্চিত জীবন নিয়ে রাস্তায় ২০০ মেডিক‌্যাল শিক্ষার্থী

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ০১

অনিশ্চিত জীবন নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজশাহীর ২০০ মেডিক‌্যাল শিক্ষার্থী। তারা রাজশাহীর নগরীর উপকণ্ঠ খড়খড়িতে অবস্থিত বেসরকারি শাহমখদুম মেডিক‌্যাল কলেজের শিক্ষার্থী। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষার্থীদের কী হবে, তার কোন সুরাহা হয়নি। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি ) সকালে এ নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন। সেখানে শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেন। পরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ১৪ দফা দাবি জানান।

গত সাত বছর ধরে শাহমখদুম মেডিক‌্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হলেও এখন পর্যন্ত বাংলাদেশ মেডিক‌্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন মেলেনি। ফলে চার শিক্ষার্থী এমবিবিএস পাস করেও ইন্টার্নশিপ করতে পারছেন না। কলেজটিতে এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০০ জন।
বিএমডিসির অনুমোদন না থাকায় তারা তাদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন। এ কারণে গত ৮ ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জন করে ১৪ দফা দাবিতে তারা আন্দোলন শুরু করেন।

শনিবারও তারা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিকেলে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজটিতে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর ছাত্রদের শনিবার রাত ৮টা এবং ছাত্রীদের আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল ১০টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়। কিন্তু বর্তমান শিক্ষার্থীদের কী হবে তার কোনো সুরাহা হয়নি। এ কারণে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, এ ছাড়া তাদের সামনে কোনো পথ নেই।

শাহমখদুম মেডিক‌্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. হাসানুজ্জামান হাসু বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এক সপ্তাহ ধরে কোনো ক্লাস হচ্ছিল না। ব্যবস্থাপনা পরিচালক দাবি পূরণে তাদের কাছে ১৫ দিনের সময় চেয়েছিলেন। কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় ছিল। তাই কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান সম্ভব হলে প্রতিষ্ঠানটি আবার খুলবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading