দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৩৯
‘একুশ মানে এগিয়ে চলা, একুশ মানে মাথা না নোয়ানো’- এই সত্যকে আঁকড়ে ধরেই মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। ১ ফেব্রুয়ারি যুগান্তরের ২১তম জন্মদিন ছিল। ওইদিন সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় দেশের অন্যতম সেরা দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মোগল হলে বর্ণিল আয়োজনে কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হলো প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
এ দিন দুপুর ১২টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় যুগান্তরের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানমালা। কেক কাটেন যুগান্তরের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, যুগান্তর প্রকাশক সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
এ সময় উপস্থিত রাজনীতিক, সাংবাদিক, প্রশাসনিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং যুগান্তর পরিবারের সদস্যরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান। শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, টিভি চ্যানেলের বার্তাপ্রধান, সাংবাদিক নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।
যুগান্তরকে শুভেচ্ছা জানাতে আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ।
যুগান্তরের জন্মদিনের শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি সোহরাব উদ্দিন প্রমুখ। রাজনৈতিক নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমীন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।
এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, অধ্যাপক মাহবুবউল্লাহ, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল ইসলাম প্রমুখ ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুগান্তর পরিবারকে। সেইসঙ্গে জনপ্রিয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী ফকির আলমগীর, মনির খান, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, পূজা চেরি, চিত্রনায়ক আরেফিন শুভ, তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা, নাঈম-শাবনাজ, অভিনেতা জাহিদ হাসান, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বসহ আরও অনেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুগান্তর পরিবারকে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের রঙে রঙিন করে সাজানো হয় পত্রিকাটির বার্তা বিভাগসহ অন্য সব বিভাগ। এদিকে, যুগান্তরের ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে পূর্ণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাইফুল আলম। তিনি জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবেও বর্তমান দায়িত্ব পালন করছেন।

