কচুরিপানা খাওয়া যায় কিনা পরীক্ষা করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৩৯
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কচুরিপানা খাওয়ার ব্যাপারে খারাপ কিছু বলেননি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘কচুরিপানা খাওয়ার ব্যাপারে আমি সংসদে কথা বলেছি। এটি খাওয়া যায় কিনা- সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। যদি বোঝা যায় এর ফুড ভ্যালু আছে, তাহলে আমরা দেখবো।’ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রংপুর নগরীর সেন্ট্রালরোডস্থ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন কত কিছুই খাই। একসময় কচুর লতি খেতাম না, এখন তো খাই। একইভাবে মাশরুমকে আমরা বলতাম ব্যাঙের ছাতা, এখন এটি ভালো খাবার।’ টিপু মুনশি বলেন, ‘আসন্ন রমজানে পেঁয়াজের সংকট হবে না। এখন দাম একটু বেশি থাকলেও আগামী মাসের মাঝামাঝিতে দেশের পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমে যাবে। এছাড়াও আমরা বিকল্প প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করি, সমস্যা হবে না।’ এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কাউনিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেন।

