রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত, আহত ১৭

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত, আহত ১৭

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ১৫

রাজধানীর উত্তরায় বাসচাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক। একইদিন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে প্রাইভেট কারের ধাক্কায় নারী-শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে টাঙ্গাইলগামী একটি বাসের চাপায় পিষ্ট হন মোটরসাইকেল আরোহী দুই যুবক। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার এসআই জিন্নাত খান বলেন, রাসেল (২৪) এবং ফাহাদ (২৫) নামের ওই দুই যুবক মোটরসাইকেলের করে যাওয়ার সময় টাঙ্গাইলগামী বাসে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাস ও চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

কুর্মিটোলায় ১৪ পথচারী আহত: এদিকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেট কারের চাপায় পাঁচজন নারী ও তিনজন শিশুসহ মোট ১৪ জন পথচারী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় প্রাইভেটকার এবং এর চালক আটক রয়েছে। দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, তার কাছেই দুই বছর আগে ২০১৮ সালের ২৯ জুলাই একটি বেপরোয়া বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে সারাদেশে ছাত্রবিক্ষোভ গড়ে উঠেছিল।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানিয়েছেন, রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সবাই কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন বলে পুলিশের ধারণা। ওসি সাহান হক বলেন, দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়, এর পেছনেই একটি বাস ছিল। প্রাইভেটকার সিএনজিকে ধাক্কা দিলে সেটি ফুটপাতের একটি অংশ ভেঙ্গে যাত্রীদের ওপর উঠে পড়ে। এতে মোট ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শুরুতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

প্রাইভেট কারের চাপায় একসঙ্গে এতজন মানুষ আহত হবার ঘটনাটিকে বেশ অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading