জায়গা নিয়ে বিরোধে মসজিদে আগুন

জায়গা নিয়ে বিরোধে মসজিদে আগুন

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ০১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কাঠ ও টিন দিয়ে তৈরি মসজিদটির অধিকাংশই পুড়ে গেছে। পুড়ে গেছে মসজিদে রাখা কোরআন শরিফসহ অনেক ধর্মীয় বই। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের বাড়ির পাশের জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শাহানুর শেখ। তিনি জানান, মসজিদটি তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের আট ছেলে নির্মাণ করেছেন। কিন্তু এই জায়গা নিয়ে মোহাম্মদ তালুকদারের ভাই আহম্মদ তালুকদারের সঙ্গে বিরোধ চলছে। তবে এই কাজ যারাই করে থাকুক না কেন তারা একটি জঘন্য কাজ করেছে। মোহাম্মদ তালুকদারের ছেলে আমিনুল তালুকদার বলেন, রাত দেড়টার দিকে মসজিদে আগুন দেখতে পাই। তখন আমি ঘটনাস্থল থেকে চাচা আহম্মদ তালুকদার ও টিপু তালুকদারকে দৌড়ে যেতে দেখেছি। আমার ধারণা তারাই মসজিদে আগুন দিয়েছে।

এ ব্যাপারে টিপু তালুকদার বলেন, বিরোধপূর্ণ জায়গায় আমার ভাতিজা আমিনুলরা মসজিদ নির্মাণ করেছে। এখন তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করছে। আমরা এ ঘটনা ঘটাইনি। কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading