পাপিয়ার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: কাদের

পাপিয়ার সঙ্গে  সম্পৃক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: কাদের

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১০

সব অপরাধীর বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামিমা নূর পাপিয়া তার অপরাধ অনুযায়ী শাস্তি পাবেন। পাপিয়ার অপরাধের সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে, তদন্তে তাদের নাম বেরিয়ে আসবে এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ইতোমধ্যে পাপিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সব অপরাধীর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।’ শুদ্ধি অভিযানের সময় পাপিয়া কেন ধরা পড়েনি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ না করলে পাপিয়ারা ধরা পড়তো না। ২০ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। তখনকার সরকারের সময় কোনও অপরাধের দায়ে দলের এমন পর্যায়ের কেউ আটক হয়েছে—এমন নজির দেখাতে পারবেন না। অপরাধীদের ধরার ক্ষেত্রে তাদের দুর্বলতা এবং অবহেলা ছিল। যে কারণে অপরাধীরা পার পেয়ে গেছে। কিন্তু এ সরকার ব্যতিক্রম। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে, দলের ঊর্ধ্বে উঠে অপরাধীকে ধরতে হবে। আর এ করণেই আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading