বাধার মুখে থেমে গেল নির্মাণকাজ

বাধার মুখে থেমে গেল নির্মাণকাজ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৪৭

স্থানীয় লোকজনের বাধার মুখে থেমে গেছে নোয়াখালী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণকাজ। সদর উপজেলার ধুমচর এলাকায় পৌরসভার মালিকানাধীন দেড় একর জায়গায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ প্রকল্পের কাজ উদ্বোধন করার কথা ছিল। কিন্তু এর আগে ভোর থেকে স্থানীয় লোকজন সেখানে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করে। সড়কে গাছ ফেলে অবরোধ করে।

নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান জানান, লোকজনের বাধার কারণে প্রকল্পের কাজ উদ্বোধন স্থগিত করা হয়েছে। বিষয়টি স্থানীয় জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। কারো ইন্ধনে স্থানীয় লোকজন সেখানে অবস্থান এমন করছে বলেও মন্তব্য করেন তিনি। প্রকল্প পরিচালক প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ান জানান, সরকার সবদিক বিবেচনা করে প্রকল্পটি হাতে নিয়েছে। অত্যন্ত বিজ্ঞান সম্মতভাবে এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। এতে কারো কোনো ক্ষতি হবে না।

পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আইউবপুরে দীর্ঘদিন থেকে পৌর শহরের ময়লা নিয়ে রাখা হয়ে আসছিল। এলাকাবাসীর বাধার মুখে বর্জ্য অপসারণ না করতে পারায় গত ৮ ফেব্রুয়ারি থেকে নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কের পাশে, বাসাবাড়ি, হাসপাতাল, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের সামনে ময়লা আবর্জনা জমা হতে থাকে। বিকল্প হিসেবে ধুমচরে ডাম্পিংয়ের বাধার কারণে আবারও ময়লা অপসারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading