নোয়াখালীর পিতাহারা বিলকিছের বিয়ে দিল পুনাক
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৫১
নোয়াখালীর পিতাহারা বিলকিছ আক্তারের বিয়ের আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিলকিছের বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে তার ভাই নূর নবীর সঙ্গে পুনাকের সভাপতি তানিয়া আলমগীরের কথা হয়। জেলার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামে তাদের বাড়িতে এসব কথা হয়।
ছোট বেলায় বিলকিছ তার বাবাকে হারায়। এক ভাই ও মা বিবি হাজেরাকে নিয়ে তাদের সংসার। তাদের দুই ভাই-বোনের ভরণ-পোষণ যোগাতে মানুষের বাড়িতে কাজ করত তাদের মা। কিশোর বয়স থেকে রাজমিস্ত্রীর কাজ করে মায়ের পাশাপাশি সংসারের হাল ধরে বড় ভাই নূর নবী। কোনো রকমে চলে তাদের সংসার। এর মধ্যে বিয়ে উপযুক্ত হয় বিলকিছ আক্তার। কিন্তু টাকার অভাবে তার মা ও ভাইয়ের পক্ষে বিয়ের আয়োজন করা সম্ভব হচ্ছিল না।
নূর নবী পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি তানিয়া আলমগীরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার সহযোগিতায় চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে শাহাদাত হোসেনের সঙ্গে আমার বোনের বিয়ের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিয়ের সকল আয়োজনে তারা সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করেছেন।
সভাপতি তানিয়া আলমগীর জানান, পুনাকের আয়োজনে মেলাসহ বিভিন্ন খাত থেকে আয়ের লাভের অংশ অসহায়, দুঃস্থ, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা হয়। পুনাকের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি আরো জানান, বিয়ের অনুষ্ঠানে তিনি এবং পুনাকের সহসভাপতি আয়েশা বেগম উপস্থিত ছিলেন।

