গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন, প্রতীক বরাদ্দ
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৯ঃ৫৩
গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচন উপলক্ষে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ রবিবার (০১ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী উম্মে কুলসুম স্মৃতিকে নৌকা, বিএনপির প্রার্থী ডা. মইনুল হাসান সাদিককে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী মাইনুর রাব্বী চৌধুরী রুমানকে লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে মশাল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান। তিনি জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপ-নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে এই চারজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভাসহ নয়টি ইউনিয়নের চার লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার নির্বাচিত হন। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর তিনি মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনে ২১ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

