অধিনায়কত্ব থেকে মাশরাফির অবসর
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৫০
গত বছরের বিশ্বকাপ থেকেই গুঞ্জন চলছে অধিনায়কত্ব থেকে অবসর যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। অবশেষে মাশরাফির নিজের মুখেই শোনা গেল সেই কথা। হ্যাঁ, অধিনায়কত্ব থেকে অবসর নিচ্ছেন মাশরাফি। অধিনায়ক হিসেবে আগামীকাল
সিলেটে শেষ ওয়ানডে খেলতে নামবে ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’। তিনি নিজেই এমন সিদ্ধান্ত জানিয়েছেন গণমাধ্যমে।
‘জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। তবে খেলোয়াড় হিসেবে আমি জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবো। আমি আজ সকালে সিদ্ধান্তটি নিয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকে আমার এমন সিদ্ধান্ত।’- অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে বলেন মাশরাফি।
কেন এভাবে হুট করে সরে যাওয়া? এর উত্তরও দিয়েছেন মাশরাফি। তিনি আরো যোগ করেন, ‘বিসিবি এখন থেকে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে। তারা চাচ্ছে নতুন অধিনায়ককে এখন থেকে তৈরি করতে। আর এ সিদ্ধান্তে আমি বোর্ডের সাথে একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।’
মাশরাফি বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। এখন পর্যন্ত ৮৭ ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশকে এনে দিয়েছেন ৪৯টি জয়। হার দেখেছেন ৩৬ ম্যাচে। আর ফলাফল হয়নি মাত্র ২ ম্যাচে। এছাড়াও তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে (২০১৫) কোয়ার্টার ফাইনালে সুযোগ পায়। চ্যাম্পিয়নস ট্রফির (২০১৭) সেমিফাইনাল খেলে। প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপাও আসে তার নেতৃত্বে।

