‘বিশ্বসুন্দরী’র মুক্তিতে আর বাধা নেই
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৩০
ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। প্রথম থেকেই আলোচনায় ছিল ছবিটি। ফের আরও একবার আলোচনায় আসল চয়নিকার ‘বিশ্বসুন্দরী’। কিছুদিন আগেই সেন্রে বোর্ডে প্রদর্শিত হয়েছে ছবিটি। যা দেখে প্রশংসা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা। গতকাল আনকাট সেন্সর ছাড়পত্র পেলো সিনেমাটি।
এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির বলেন, বৃহস্পতিবার (৫ মার্চ) সেন্সর বোর্ডের সবাই ছবিটি দেখেছি। প্রথম দিকে সিনেমাটি নিয়ে আমরা একটু সন্দিহান ছিলাম। কিন্তু আজকে সিনেমাটি দেখার পর আমাদের ধারণা পাল্টে গিয়েছে। এক কথায় অসাধারণ একটি ছবি ‘বিশ্ব সুন্দরী’। সেন্সর বোর্ডে যারা ছিলেন, সবাই ছবিটি দেখার পর ভূয়সী প্রশংসা করেছে।
তিনি আরও বলেন, সিনেমাটির গল্প সত্যি অসাধারণ এবং প্রশংসার যোগ্য। ছবিটির অর্ধেক দেখার পরও বুঝতে পারছিলাম না আসলে কি হবে! ছবির গল্প, নির্মাণ, ডাইমেনশন খুবই দুর্দান্ত হয়েছে। ছবিটিতে মুক্তিযুদ্ধের সময়ের বীরাঙ্গনার গল্পও দেখানো হয়েছে। আমার মনে হচ্ছে, দর্শকরা ছবিটিকে সাদরে গ্রহণ করবেন।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এ সিনেমাতে সিয়াম-পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মনিরা মিঠুসহ আরও অনেকে।

