কনা ও রিজভীর ‘গাঙচিল মন’
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৩০
সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। ‘গাঙচিল মন’ শিরোনামের গানটিতে কনার সঙ্গে দৈত্বভাবে কণ্ঠ দিয়েছেন ‘চোখেরই পলকে’ খ্যাত গায়ক রিজভী ওয়াহিদ।
‘আমি রোজ, হই নিখোঁজ, তোমার চোখের ইশারাতে/ এ কি ঘোর, আসে ভোর, তুমি নামের ভাবনাতে/ আমার জন্য কিছু প্রেম রেখো তুমি হাতে/ গাঙচিল এ মন যাবে তোমার সাথে সাথে’ কথার এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতে ছিলেন মুশফিক লিটু। কিছুদিনের মধ্যেই গানটি শুটিং হবে অস্ট্রেলিয়ায়।
গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘খুব মিষ্টি রোমান্টিক একটি গান এটি। রবিউল ইসলাম জীবনের কথার সঙ্গে নাজির মাহমুদের সুর আর মুশফিক লিটুর সংগীতায়োজন মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশা করি, সবার পছন্দ হবে।’
রিজভী ওয়াহিদ বলেন, ‘আমার পছন্দের শিল্পীদের একজন কনা। এই গানটিও তিনি খুব সুন্দর গেয়েছেন। গানের গল্পের সঙ্গে মিল রেখেই আমরা ভিডিওটি বানাবো। আসছে ঈদে গানটি প্রকাশ করার ইচ্ছা।’
খুব শিগগিরই ‘গাঙচিল মন’ গানটি প্রকাশ হবে রিজভী ওয়াহিদের ইউটিউব চ্যানেল ‘আরডব্লিউ এন্টারটেইনমেন্ট’-এ।

