ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী হত্যায় বিচার দাবি
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৫২
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী শ্রাবণী রাণী রায়ের হত্যা বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আজ শনিবার (০৭ মার্চ) সকালে সহপাঠী ও শিক্ষকদের আয়োজনে এ মিছিলটি বের হয়। পরে শহরের চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা।
এসময় বক্তব্য দেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্রনাথ ঝাঁ, সহকারী শিক্ষিকা প্রীতি গাঙ্গুলীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তারা সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবণী রানী রায়ের হত্যাকারীর দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানান।
গত বুধবার রাতে স্বামী সোহাগ বর্মনের ধারালো ছুরিকাঘাতে মারা যায় স্কুলছাত্রী শ্রাবনী রাণী। এ ঘটনায় নিহতের বাবা মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোহাগ বর্মনকে আটক করে। সোহাগ হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

