‘বাঘি ৩’র বাজিমাত, আসছে চতুর্থ সিক্যুয়েল!
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৩০
করোনাভাইরাস আতঙ্কে এখন কাঁপছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে জমায়েত এড়িয়ে চলছে মানুষ। সিনেমা হলে যাওয়াও কমেছে দর্শকদের। এমন পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কা থাকলেও আশ্চর্যজনকভাবে সফল ‘বাঘি ৩’ সিনেমা। করোনার আতঙ্ককে পিছনে ফেলে সিনেপ্রেমীরা হলে গিয়ে দেখছেন ছবিটি।
প্রথম সপ্তাহেই ৫৩.৮৩ কোটি টাকা ঘরে তুলেছেন ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। আর ‘বাঘি ৩’র সাফল্যে ছবির চতুর্থ সিক্যুয়েলের ইঙ্গিত দিলেন পরিচালক আহমেদ খান।
ছবির পরিচালক বলেছেন, “মানুষ আমার কাজ পছন্দ করছে। এর কারণ অবশ্যই বাঘি ২। ওই ছবিটি দর্শকের খুব ভাল লেগেছিল। তাই আমার মনে হয়েছিল বাঘি ৩ দর্শকের পছন্দ হবে। হয়েছেও তাই।” ছবির সাফল্যের জন্য টাইগার শ্রফকে কৃতিত্ব দিয়েছেন পরিচালক।
জানিয়েছেন, টাইগার সফল অভিনেতা। অনেকে তাঁর ফ্যান। তাঁরা প্রিয় অভিনেতার ছবি মিস করতে চাননি। তার উপর ছবিটি অ্যাকশনধর্মী। আর টাইগার শ্রফ রীতিমতো মার্শাল আর্টে ট্রেনিং নিয়েছেন। ফলে তাঁর অ্যাকশন অনেক বেশি বাস্তবধর্মী লেগেছে। সেই কারণেই ছবিটি দর্শকের পছন্দ হয়েছে বলে দাবি করেছেন অভিনেতা। প্রথম সপ্তাহের শেষে তাই ৫৩.৮৩ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে ‘বাঘি ৩’।
এমন দুর্দিনে সাফল্যের মুখ দেখায় ছবি নিয়ে আশাবাদী প্রযোজকরাও। তাই ছবির চতুর্থ সিক্যুয়েল আনার কথা ভাবছেন তাঁরা। পরিচালক আহমেদ খানও এ নিয়ে ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, সাজিদ নাদিয়াজওয়ালা ভাবছেন ‘বাঘি’ ফ্র্যাঞ্জাইজিকে এগিয়ে নিয়ে যাবেন। যদিও ছবির সিক্যুয়েল নিয়ে স্পষ্ট কিছু বলেননি অভিনেতা।

