অজয়ের টেলিভিশনে যাত্রা শুরু, ১৫ পর্বের জন্য নিলেন ৯০ কোটি

অজয়ের টেলিভিশনে যাত্রা শুরু, ১৫ পর্বের জন্য নিলেন ৯০ কোটি

উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১১:৩৫

বলিউডের পর্দা কাঁপানো অজয় দেবগন এবার হাজির হয়েছেন টেলিভিশনের পর্দায়। তাও আবার কোনো অভিনয় নয়, জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর উপস্থাপক হিসেবে। আর টিভিতে পা রাখতেই তার পারিশ্রমিকের অঙ্ক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

গত ৩১ আগস্ট থেকে প্রচার শুরু হয়েছে ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন পর্ব। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, নতুন মৌসুমের জন্য ১৫টি পর্বের চুক্তি করেছেন অজয়। পুরো সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা। সেই হিসাবে প্রতি পর্বে তার আয় দাঁড়াচ্ছে প্রায় ৬ কোটি টাকা।

এমন পারিশ্রমিক স্বাভাবিকভাবেই অজয়কে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া টেলিভিশন উপস্থাপকদের তালিকায় সামনের সারিতে নিয়ে এসেছে। তবে এত বড় অঙ্কের পরও টিভির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সঞ্চালকের মুকুট এখনও অজয়ের মাথায় উঠছে না।

সেই জায়গাটি দীর্ঘদিন ধরে ধরে রেখেছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। প্রায় দেড় দশক ধরে ‘বিগ বস’ সঞ্চালনার মাধ্যমে টেলিভিশন দর্শকদের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। অনুষ্ঠানের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বছরের পর বছর বেড়েছে সালমানের পারিশ্রমিকও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে শুরুর দিকে সালমান প্রতি পর্বে প্রায় আড়াই কোটি টাকা পারিশ্রমিক পেতেন। এরপর কয়েক দফায় সেই অঙ্ক বেড়েছে। ‘বিগ বস’-এর ১৫ ও ১৬তম মৌসুমে তার পারিশ্রমিক সপ্তাহপ্রতি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

চার মাসের একটি দীর্ঘ মৌসুমের হিসাব ধরলে সালমানের পারিশ্রমিক প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। ফলে অজয়ের প্রতি পর্বে ৬ কোটি টাকার পারিশ্রমিক বড় চমক হলেও টেলিভিশন উপস্থাপনার দুনিয়ায় সালমানের বিশাল পারিশ্রমিকের ধারে-কাছেও এখনও পৌঁছাতে পারেননি তিনি।

তবে অজয় দেবগনের টেলিভিশন অভিষেক এবং ‘ক্রাইম পেট্রোল’-এর উপস্থাপক হিসেবে তার উপস্থিতি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading