মোদীর প্রশংসায় কোহলি
উত্তরদক্ষিণ । ২০ মার্চ ২০২০ । আপডেট ০২: ৫০
প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসের আতঙ্ক। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে দেশে ‘জনতা কারফিউ’র আহবান জানান ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
মোদীর প্রশংসা করে টুইটে কোহলি লিখেছেন, ‘করোনা ভাইরাস এর হুমকির সঙ্গে লড়াই করতে আসুন সবাই সতর্ক হই। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের উচিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ঘোষণা করা নিয়মনীতি মেনে চলা।’
বিশ্বসেরা এই ব্যাটসম্যান সবাইকে নিজের ও অন্যদের যত্ন নিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাওয়া মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছে। শুধু কোহলি এক নন, মোদীর ঘোষণার প্রশংসা করেছেন রবীচন্দ্রন অশ্বিন, গৌতম গম্ভীর, হরভজন সিং, রবী শাস্ত্রী, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ, শিখর ধাওয়ানের মতো বর্তমান ও সাবেক ক্রিকেট তারকারাও। তারা সবাই মোদীর ‘জনতা কারফিউ’ মেনে চলার আহবান জানিয়েছেন।
ক্রিকেটবিশ্বে করোনার থাবা অবশ্য আগেই পড়েছে। আইপিএল, পিএসএল, দ্বিপাক্ষিক সিরিজসহ সবধরনের ক্রিকেট আপাতত স্থগিত রাখা হয়েছে। ক্রিকেটারদের একটা বড় অংশ এখন নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। বিরাট কোহলিও সস্ত্রীক দেশবাসীকে বাড়িতে থাকার নিদান দিয়েছেন। ক্যারিবীয় ক্রিকেট তারকা ক্রিস গেইলও এই সময়ে বাড়িতে থাকার চ্যালেঞ্জ নিয়েছেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে বাড়িতেই শরীরচর্চা করতে দেখা গেছে।

