কোয়ারেন্টাইনে সাকিব আল হাসান
উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১২: ৪০
আইসিসির নিষেধাজ্ঞার কারণে বর্তমানে খেলা থেকে দূরে আছেন বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। এরইমধ্যে মেয়ে ও পরিবারের সঙ্গে সময় কাটাতে আমেরিকায় গিয়েছেন তিনি। সেখানে যেয়েও মেয়ে সঙ্গে দেখা না করে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন সাকিব।
কারণ পুরো বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্যই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি। সেই সঙ্গে দেশের মানুষকে করোনা নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন সাকিব।
গতকাল (২১ মার্চ) রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারী রোগ বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশও এর বাইরে নয়।
আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে, বাংলাদেশেও বেশকিছু করোনা রোগী পাওয়া গিয়েছে। আমাদের এখনই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সতর্কতাই পারে আমাদের দেশকে সুস্থ রাখতে, আমাদেরকে সুস্থ রাখতে।’
তিনি আরও বলেন, ‘আমি মাত্রই যুক্তরাষ্ট্রে এসে পৌঁছলাম। যদিও বিমানে সবসময় একটু হলেও ভয় কাজ করেছে। তাও চেষ্টা করেছি কীভাবে নিজেকে হাইজিন, পরিস্কার ও জীবাণুমুক্ত রাখা যায়।’
সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্রে অবতরণ করে সোজা একটি হোটেলে উঠেছি। এখানে থাকব কিছুদিন। যেহেতু বিমানে এসেছি, একটু হলেও ঝুঁকি আছে আমার। এজন্য নিজেকে আইসোলেটেড করে রেখেছি।’
মেয়ের সঙ্গে দেখা করেননি উল্লেখ করে সাকিব বলেন, ‘এ কারণে আমার বাচ্চার সাথেও দেখা করিনি। এখানে এসেও বাচ্চার সাথে দেখা করছি না- এটা আমার জন্য কষ্টকর ব্যাপার। তারপরও আমার মনে হয় এই সামান্য ত্যাগ করতে পারলে আমরা অনেক দূর এগোতে পারব।’

