শবে মেরাজের নামাজ ঘরে পড়ুন: ইফা

শবে মেরাজের নামাজ ঘরে পড়ুন: ইফা

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ২৯

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে শবে মেরাজের নফল নামাজের জন্য মসজিদে না গিয়ে ঘরে থেকে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

রবিবার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত এক বিবৃতিতে শবে মেরাজের নামাজ পড়ার জন্য মসজিদে না আসার অনুরোধ করা হয়।

ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ গণমাধ্যমকে বলেন, যেহেতু সরকার সব ধরণের ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করেছে, তাই আমরাও মানুষকে মসজিদে জমায়েত তৈরি না করার জন্য উদ্ধুদ্ধ করছি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, শবে মেরাজের রাতে বিশ্বের অনেক দেশেই মুসলিমরা মসজিদে একত্রিত হয়ে নফল নামাজ আদায় করতে যান। বাংলাদেশেও প্রায় সব এলাকাতে শবে বরাত ও শবে কদরের মতো শবে মেরাজের নামাজের জন্য রাতে মসজিদে যান মুসল্লিরা। সেই বিষয়টি মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে এবার মুসল্লিদেরকে ঘরে থেকে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, সব মসজিদের ইমামদের নির্দেশনা দেয়া হয়েছে যেন তারা ধর্মপ্রাণ মুসল্লিদেরকে ঘরে থেকে নামাজ আদায় করতে উদ্বুদ্ধ করেন। শবে মেরাজের নামাজের পাশাপাশি অন্যান্য নামাজও যতটা সম্ভব ঘরে থেকে যেন আদায় করেন সবাই, সেই অনুরোধও করছে ইফা।

এর আগে ২০ মার্চ, শুক্রবার জুমার সুন্নত ও নফল নামাজ বাড়ি থেকে পড়ে আসার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন। সে প্রসঙ্গে ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, আমরা চাইছি- যত কম সময় সম্ভব মানুষ মসজিদে জমায়েত করুক। তাই জুমার নামাজেও অনুরোধ করা হয় বাড়ি থেকে ওজু করে আসতে এবং সুন্নত ও নফল বাসায় পড়তে। তিনি জানান, সরকারিভাবে যদি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়, অর্থাৎ দোকানপাট, যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়, তখন মসজিদে না যাওয়ার বিষয়ে আরো গুরুত্ব আরোপ করার বিষয়ে চিন্তা করবে ইসলামিক ফাউন্ডেশন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading