জরুরি ছাড়া অন্যান্য মামলার কার্যক্রম মুলতবি থাকবে: সুপ্রিমকোর্ট

জরুরি ছাড়া অন্যান্য মামলার কার্যক্রম মুলতবি থাকবে: সুপ্রিমকোর্ট

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ১২

অধস্তন আদালতে জামিন-অস্থায়ী নিষেধাজ্ঞার মতো জরুরি কোনো বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের মামলা মুলতবি রাখতে সার্কুলার জারি করেছে সুপ্রিমকোর্ট। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষর করা সার্কুলারটি রোববার (২২ মার্চ) সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালতসমূহে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এতদুদ্দেশ্যে দেশের অধস্তন আদালতসমূহ জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ব্যতীত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবিকরণ আবশ্যক।

প্রধান বিচারপতির আদেশে এই সার্কুলার জারি করা হয় উল্লেখ করে অবিলম্বে তা কার্যকর হবে বলেও জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার অধস্তন আদালতে কারাবন্দিদের মামলার শুনানিতে হাজির করার বাধ্যবাধকতা শিথিল করেছে উচ্চ আদালত। এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত (কভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে কারাগার হতে কারাবন্দি-আসামিদের জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে আদালতে উপস্থিতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ কারণে জামিন শুনানি ও মামলার অন্যান্য কার্যক্রমে কারাবন্দি-আসামিদের কারাগার থেকে আদালতে হাজির না করার নির্দেশনা দিয়ে বলা হয়, কারাবন্দি-আসামিদের কারাগারে রেখে জামিন শুনানি করতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading