কঠিন পরিস্থিতি ধেয়ে আসছে: রিজভীর ধারণা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ মার্চ ২০২০ । আপডেট ১৩:৪৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আজ সমগ্র বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। করোনা মহামারি ছড়িয়ে পড়েছে দেশে দেশে। তিনি বলেন, সরকারি হিসাবে গতকাল বুধবার পর্যন্ত ৩৯ জন আক্রান্ত আর ৫ জনের মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। কেভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়ার জন্য ন্যূনতম প্রয়োজনীয় টেস্ট কিট, চিকিৎসকদের পিপিই কিংবা হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ’র প্রচন্ড অভাব এদেশে। সারাদেশের হাসপাতাল থেকে হাজার হাজার স্যাম্পল আসছে। অথচ টেস্ট করতে পারছে মাত্র ৭০-৮০টি। এই অপ্রস্তুত দৃশ্যপটের মধ্যে সামনে আরো কঠিন পরিস্থিতি ধেয়ে আসছে। গোটা দেশবাসী শঙ্কিত-আতঙ্কিত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দলের নয়াপল্টনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রিজভী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতি মুহুর্তে নতুন আক্রান্ত আর মৃত্যুর মিছিল বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লকডাউন, আইসোলেশন, সেল্ফ কোয়ারেন্টাইনে সম্পূর্ণরুপে থমকে পড়েছে স্বাভাবিক জনজীবন। প্রতিটি দেশ ভাইরাসের প্রাদুর্ভাব হতে পরিত্রাণ পেতে অন্য দেশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছে। ভয়ঙ্কর এক কঠিন পরিস্থিতিতে উপনীত হয়েছি আমরাসহ বিশ্ববাসী।
এসময় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তার বরাত দিয়ে রিজভী করোনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তবে সংবাদ সম্মেলনে ‘মানবিক বিবেচনায়’ সদ্য মুক্তি পাওয়া দলের চেয়ারপারসন খালেদা জিয়া কেমন আছেন, কোথায় আছেন, তার স্বাস্থ্যগত বিষয়ে কিছুই বলা হয়নি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

