শৃঙ্খলা ভঙ্গ করলে ‘ক্যারিয়ার শেষ হতে পারে’

শৃঙ্খলা ভঙ্গ করলে ‘ক্যারিয়ার শেষ হতে পারে’

উত্তরদক্ষিণ অনলাইন: ২৮ মার্চ ২০২০ । ১৫:২০

মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকর্তারা শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, সরকারি চাকুরেদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে তাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

বয়স্ক তিন ব্যক্তিকে কান ধরিয়ে উঠবস করানোর ঘটনায় ‘বেআইনি ও অকর্মকর্তাসুলভ আচরণের’ দায়ে যশোরের মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে শনিবার (২৮ মার্চ) প্রত্যাহার করা হয়। ওই প্রসঙ্গ তুলে ধরে এদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনের ঘটনার পর আমরা জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছিলেন। আবারও তাদের বেশকিছু নির্দেশনা দিয়েছি। আমরা বলেছি, আপনাদের (ডিসি) অধীনে যারা কাজ করেন, তারা যেন জনগণের সেবক হিসেবে কাজ করেন। কারণ জনগণের জন্যই আপনারা। .. কেউ যেন দায়িত্বে অবহেলা এবং শৃঙ্খলা ভঙ্গ না করেন। এতে ব্যাড ইমেজ তৈরি হচ্ছে। আমরা এর দায়ভার নেব না। দুর্নীতি করার জন্যই মানুষকে হয়রানি করা হয় বলে মত দিয়ে জনপ্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, ‘ক্যারিয়ার নষ্ট করবেন না, ভুল করবেন না।’

যথাযথ প্রশিক্ষণ দেওয়ার পরেও মাঠ কর্মকর্তাদের এ ধরনের আচরণে বিস্ময় প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বাহাদুরি দেখানোর জন্য কোনো কাজ করলে, শৃঙ্খলাবিধি ভঙ্গ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় মামলা হওয়ার পরে অনেকেরই পদোন্নতি না হওয়ার কথা উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, অনেক সময় ব্যাচমেটরা যুগ্ম-সচিব হয়ে গেলেও শুধু মামলার কারণে সিনিয়র সহকারী সচিব পদেই কাউকে পড়ে থাকতে হচ্ছে। কেউ বিভাগীয় মামলায় পড়লে বড়জোর উপসচিব পদে পদোন্নতি পেতে পারেন, এর চেয়ে বেশি দূর আগানো সম্ভব নয়। এসব জানার পরেও কেন এমন করেন?, প্রশ্ন রাখেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সময় পেলে আমি লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমিতে ক্লাস নেই। সেখানে নবীন কর্মকর্তাদের আমার সংসদ সদস্যের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেই। বিশেষ করে ইউএনওদের বেশি বলি। কারণ, তারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করেন।

ঢাকা সিটি কলেজের এক সময়ের ইংরেজি বিভাগের শিক্ষক ফরহাদ মনে করেন, মাঠ প্রশাসনে কাজ করার সময় একজন কর্মকর্তা কী কী করছেন; এখন আর তা লুকানো কোনো সুযোগ থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমুখী এবং দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়ার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, কিছু কর্মকর্তার কারণে অনেক সময় আমাদের বিব্রত অবস্থার মধ্যে পড়তে হয়।

তিনজন বয়স্ক ব্যক্তিকে কান ধরিয়ে মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ভুল করেছেন বলে মত দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মনিরামপুর উপজেলার ইউএনও ওই বয়স্ক তিনজনের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন। তাদের হাতে খাদ্য সামগ্রী এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দিয়েছেন। ইতোমধ্যে মনিরামপুর থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে তাকে। আগামী ৫ এপ্রিল অফিস খোলার পর সাইয়েমার বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রম শুরু করা হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনও একই কথা বলেছেন।

সেই এসিল্যান্ড প্রত্যাহার, অন্যেরা শিক্ষা নিবেন তো!

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading