পাবনায় আগুনে চারটি দোকান পুড়ে ১২ লাখ টাকার ক্ষতি
উত্তরদক্ষিণ অনলাইন: ২৮ মার্চ ২০২০ । ১৭:২৮
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নে কোমরপুর বাজারে আগুনে পুড়ে চারটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থরা জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কোমরপুর বাজারে কোনো একটি দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। দ্রæত আগুন পাশাপাশি চারটি দোকানে ছড়িয়ে পড়লে এলাকাবাসী অগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে পাবনা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো আমিরুল ইসলামের মুদিখানার দোকান, এজাজুল ইসলামের এজাজ ফার্মেসী, আতিয়ার রহমানের খাবার হোটেল ও আতিক হোসেনের চায়ের দোকান। ক্ষতিগ্রস্থদের দাবি, আগুন লাগার ঘটনায়এসব দোকানের অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাবনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ মাহমুবুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে।

