ঈশ্বরদীতে কাজী ও বরের বাবা জেলহাজতে
উত্তরদক্ষিণ অনলাইন: ২৮ মার্চ ২০২০ । ১৭:৩৫
পাবনার ঈশ্বরদীতে বাল্যবিয়ে দেওয়ার সময়ে অভিযান চালিয়ে বরের বাবা ইসরাইল হোসেন ও কাজী সিদ্দিকুর রহমানকে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান জানান, শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের খাঁ পাড়া গ্রামে কাজীর বাড়িতে বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদ ভিত্তিতে পুলিশ সেখানে তদন্তে যায়।
এ সময় পুলিশ জানতে পারে, ওই কাজী গত ২৪ মার্চ মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের ইসরাইল হোসেন খাঁ’র ১৮ বছরের ছেলে সাজেদুলের সাথে জেলার সাঁথিয়া উপজেলার মোবারক হোসেনের মেয়ে ইভা খাতুনের বিয়ে দেয়। শুক্রবার কাজীর বাড়ি থেকে মেয়েকে তুলে দেওয়ার আয়োজন করা হয়েছিল।
এ ঘটনায় পুলিশের পরিদর্শক (এসআই) হাসান আলী আইন বর্হিভূত বিয়ে দেওয়ার অভিযোগে উক্ত কাজীকে ও ছেলের বাবাকে আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশের দাবী, আইনগতভাবে ছেলের বিয়ের বয়স না হলেও মেয়ের বিয়ের বয়স হয়েছিল। তাই মেয়ের বাবাকে আটক করা হয়নি।
শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান স্বাক্ষ্য প্রমাণ শেষে তিনি বিধি মোতাবেক মামলা দায়ের করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

