৭ এপ্রিল পর্যন্ত সব রুটে ফ্লাইট বন্ধ

উত্তরদক্ষিণ অনলাইন: ২৮ মার্চ ২০২০ । ১৮ :৪০

করোনার সংক্রমণ ঠেকাতে গোটা বাংলাদেশ ছুটিতে যাওয়ার পর যাত্রীবাহী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞাও বাড়ানো হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান আজ শনিবার (২৮ মার্চ) জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে এক আদেশে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরে উড়োজাহাজের যাওয়া-আসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।

কামরুজ্জামান বলেন, “আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (শিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩১ মার্চ এর স্থলে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হল বলে এক আদেশে বলা হয়েছে।”

একই আদেশে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞাও আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে বলে জানান কামরুজ্জামান।

১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের আগে গত ১৬ মার্চ ইউরোপে যুক্তরাজ্য বাদে অন্য দেশগুলোর সঙ্গে চলাচল বন্ধ করা হয়েছিল। যে কয়েকটি খোলা ছিল, তার মধ্যে থাইল্যান্ড ও যুক্তরাজ্যের সঙ্গেও ফ্লাইট পরিচালনাও পরে বন্ধ হয়ে যায়।

এখন বাংলাদেশ থেকে চীনে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানান বেবিচক কর্মকর্তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading