পড়ে থাকা বিদেশি ‘করোনায় আক্রান্ত নয়’
উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১৬:২৫
সিলেট শহরে রাস্তার পাশে পড়ে থাকা যে বিদেশিকে হাসপাতালে নেওয়া হয়েছিল তিনি প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন এবং তার মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। ৪৫ বছর বয়সী মার্কু নামে ওই ব্যক্তি শনিবার (২৮ মার্চ) বিকালে সিলেট শহরের মীরবক্সটুলা এলাকায় রাস্তায় অচেতন হয়ে পড়ে ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন ভেবে কেউ এগিয়ে যাচ্ছিলেন না প্রথমে।
পরে পুলিশ গিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই বলে সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক হিমাংশু লাল বলেন, ফিনল্যান্ডের ওই নাগরিকের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ‘কোনো লক্ষণ নেই’। তিবি বলেন, মার্কু মাদকাসক্ত। এ কারণে তার কিছু শারীরিক সমস্যা রয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি এর আগেও একবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

