‘তথ্য লুকানোর’ অভিযোগ রিজভী’র

‘তথ্য লুকানোর’ অভিযোগ রিজভী’র

উত্তরদক্ষিণ অনলাইন। ৩০ মার্চ ২০২০ । ১৭:০০

নভেল করোনাভাইরাস নিয়ে সরকার ‘তথ্য গোপন করছে’ বলে অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দেশের পরিস্থিতি ভয়বহ হতে পারে বলেও মন্তব্য তার। সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘নো কিট, নো করোনা। নো টেস্ট, নো করোনা। নো পেশেন্ট, নো করোনা।’ যে পলিসি ইরান ও ইতালি সরকার করেছিল সেই একই পলিসি নিয়েছে বাংলাদেশ সরকার। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিবের মন্তব্য, তারা যেভাবে নিজের দেশের সর্বনাশ করেছে আমাদের দেশের সরকারও তাই করছে। ওই নীতির কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা বিশ্ব থেকে তারা। আমরাও সেই লুকানোর পলিসি দিয়েই সবকিছু ম্যানেজ করতে চলেছি।

রিজভী বলেন, কোভিড-১৯ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, দুই মাস সময় পেলেও সরকার সমস্যার দিকে মনোযোগ দেয়নি। উপদ্রুত দেশগুলো থেকে দেশে প্রত্যাবর্তনকারী প্রবাসী ভাইবোনদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণে কোয়ারেন্টাইন নিশ্চিত না করতে পাড়ার সমন্বয়হীনতা ও প্রস্তুতির অভাব দেশকে বড় বিপদে ফেলতে পারে। তিনি আরও বলেন, আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ ও ব্যবস্থাপনা দেশে নেই। চিকিৎসকদের রক্ষার ব্যবস্থা নেই, যথেষ্ট মাস্ক নেই, স্যানিটাইজার ও ভেন্টিলেটরের অভাব রয়েছে। পরীক্ষার ব্যবস্থা ছাড়া সরকার আক্রান্ত সংখ্যার যে তথ্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না। সরকারের পক্ষ থেকে টানা দু’দিন বলা হচ্ছে, দেশে নতুন করে করোনা আক্রান্ত নেই। অথচ পত্র-পত্রিকা, টেলিভিশনসহ মিডিয়া প্রতিদিন সর্দি, জ্বর, কাশিতে মারা যাওয়ার খবর দিচ্ছে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর সংবাদ ছাপা হয়েছে আজকের খবরের কাগজে।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, এখন পর্যন্ত সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করে পরীক্ষার আওতায় আনা সম্ভব হয়নি। বিদেশ থেকে আসা সবার পরীক্ষাও হয়নি। এই অচিহ্নিত লোকগুলোই ভাইরাসটি সমাজে জ্যামিতিক হারে ছড়িয়ে দেয়ার ঝুঁকি তৈরি করেছে। বিদেশ থেকে দেশে ফেরা মানুষের পরিসংখ্যান তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত বিভিন্ন পথে ৬ লাখ ৬৫ হাজার ১৩ জন দেশে প্রবেশ করেছেন। শেষ দুই সপ্তাহে এসেছেন পৌনে দুই লাখ মানুষ। এছাড়া এ পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআরের হট নম্বরগুলোয় সহায়তা চেয়ে ফোনকল এসেছে ৮ লাখ ২ হাজার ৫৮০ জনের। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে মাত্র ১ হাজার ৭৬ জনের। বাকি লোকদের ভেতর কতজন আক্রান্ত তা কেউ বলতে পারছে না।

বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে ২০ শতাংশ অর্থাৎ তিন কোটি ৪০ লাখ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এর মধ্যে প্রায় দুই কোটি মানুষের অবস্থান অতি দারিদ্র্যসীমার নিচে। তাদের কাছে খাদ্য সাহায্য পৌঁছে দিতে হবে। কিন্তু এখনও পর্যাপ্ত উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।

অবশ্য বিএনপির পক্ষ থেকে এসব অসহায় ও অতি দারিদ্র্য মানুষের সহায়তায় কোনো পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি ছিল না রিজভীর বক্তব্যে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading