বাড়তে পারে সাধারণ ছুটির মেয়াদ

বাড়তে পারে সাধারণ ছুটির মেয়াদ

উত্তরদক্ষিণ অনলাইন। ৩০ মার্চ ২০২০ । ১৮:৪০

হিল্লোল বাউলিয়া: নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও প্রাণহানী কমাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিকে ৩০ মার্চের পরিবর্তে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে এই ছুটি সরকার আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রবিবার (২৯ মার্চ) প্রেস ব্রিফিংয়ে সেই ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে ছুটি পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ৬৪ জেলায় ডিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে, করোনা মোকাবিলায় সরকারের উদ্যোগ ও করণীয় এবং মাঠ প্রশাসনের পরামর্শ শুনে প্রধানমন্ত্রী পরবর্তী পদক্ষেপ ও সিদ্ধান্ত নেবেন।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সরকার মনে করছে, করোনা নিয়ন্ত্রণে ছুটি ভালো ফল দিয়েছে। শনি ও রবিবার দুদিন নতুন করে কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। সোমবার মাত্র একজন পাওয়া গেছে। ৪ তারিখ আসতে আরও কয়েকদিন বাকি। এর মধ্যে পরিস্থিতি বোঝা যাবে। সরকার প্রয়োজন মনে করলে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেবে।

রবিবার (২৯ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে করোনা সংক্রমণ সফলভাবে সীমিত রাখা গেছে। ৪ এপ্রিল সাধারণ ছুটি শেষ হওয়ার পর যখন জনগণ গ্রাম থেকে ফিরবেন তখন যাতে আবারো করোনা সংক্রমণ না ঘটে, সে বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, ‘পরিস্থিতি বিবেচনায় ছুটি হয়তো বাড়তে পারে। তবে এ বিষয়ে এখনো আমরা জানি না।’

ছুটি বাড়ানো হলে তা ১১ এপ্রিল কিংবা ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের আবেদন থাকবে ছুটি আরও কিছু দিন বাড়ানো হোক। এতে আমরা আরও নিশ্চিত হতে পারব, আরও ঝুঁকিমুক্ত থাকতে পারব।’

এর আগে ২৩ মার্চ সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। এর মধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। গতকাল (২৯ মার্চ) থেকে ২ এপ্রিল পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ১০ দিনের ছুটিতে থাকবে সারা দেশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading