ছুটি বৃদ্ধি ১১ এপ্রিল পর্যন্ত

ছুটি বৃদ্ধি ১১ এপ্রিল পর্যন্ত

উত্তরদক্ষিণ অনলাইন। ৩১ মার্চ ২০২০ । ১৯:৩০

দেশে করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে ঘোষিত ছুটির মেয়াদ বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে সরকার ৯ এপ্রিল পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন শবে বরাত। এর পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত দেশ ছুটিতে থাকছে ১১ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই ছুটি বৃদ্ধির ইঙ্গিত দেয়ার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সরকারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে ৯ এপ্রিল পর্যন্ত। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১১ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকছে। ছুটির মেয়াদ বাড়িয়ে বুধবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে বলে জানান প্রতিমন্ত্রী।

দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ২৬ মার্চ থেকে দেশে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই সঙ্গে সড়ক, নৌ, আকাশ পথে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখে সবাইকে বাড়িতে থাকতে বলা হয়। এর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।

সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় রাজধানীসহ সারাদেশে যানবাহন চলাচল কমে গেছে। মানুষ করোনা সংক্রমণ এড়াতে বাসায় অবস্থান করছেন। ছবিটি রাজধানীর সংসদ ভবনের সামনে থেকে তোলা।

সাধারণ ছুটির ঘোষণা আসার পর ২৪ মার্চ আরেক ঘোষণায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি আরও দীর্ঘায়িত হতে পারে বলে কর্মকর্তারা ইতোমধ্যে আভাস দিয়েছেন। সোমবার (৩০ মার্চ) দৈনিক উত্তরদক্ষিণসহ কয়েকটি গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সরকারি ছুটি বৃদ্ধির সম্ভব্যতা তুলে ধরে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই সম্ভাবনাই মূলত সঠিক প্রমাণিত হয়েছে।

এদিকে, একজন কর্মকর্তা বলছেন, রোজার ছুটির সঙ্গে এই ছুটি মিলিয়ে ঈদের পর সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে সরকার। ৪ এপ্রিল পর্যন্ত ঘোষিত সাধারণ ছুটি সরকারি-বেসরকারি সব অফিসের জন্যই প্রযোজ্য ছিল। নতুন করে বাড়ানো ছুটিও সব অফিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, ছুটির আদেশে তা স্পষ্ট করা হবে বলে জনপ্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নিজেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় তার অনুমোদন নিয়ে সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে বলে প্রতিমন্ত্রী ফরহাদ জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading