দেশে করোনা আক্রান্ত ১১৭, মৃত্যু বেড়ে ১৩

দেশে করোনা আক্রান্ত ১১৭, মৃত্যু বেড়ে ১৩

উত্তরদক্ষিণ অনলাইন ০৬ এপ্রিল ২০২০। ১৩:১০

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ সংক্রমণ দেশেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রায় দ্বিগুণ হারে সংক্রমণ ও মৃত্যুর খবর আসতে শুরু করেছে দু’দিন ধরে। অবশ্য এর আগে পরীক্ষার পরিধি ছিল শুধু একটি প্রতিষ্ঠানে। পরীক্ষার পরিধি সম্প্রসারণের সঙ্গে সঙ্গে হঠাৎ বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির খবর। সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত ১১৭ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। কিন্তু গতকাল রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল যথাক্রমে ৮৮ ও ৯ জনে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত ২৯ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের। তাদের মধ্যে দুদকের একজন পরিচালকও রয়েছেন। এ নিয়ে মৃত্যু সংখ্যা ২ অংকে পৌঁছালো। আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ অংকে।

দেখা গেছে, পরীক্ষার আওতা বাড়ার পর দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এক মাস আগে দেশে প্রথমবারের মতো কারো দেহে সংক্রমণ ধরা পড়ার পর একদিনে মৃত্যু ও আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা বা নতুন রেকর্ড তৈরি হলো দেশে সোমাবার।

এদিন ঢাকায় এক জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনায় আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ এই তথ্য তুলে ধরেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান। তিনি বলেন, স্যার এখনো মিটিংয়ে আছেন। এখানে তিনি নতুন মৃত্যু ও আক্রান্তের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ২৯ জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং ৪ জন মারা গেছেন।

মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনের সম্মেলন কক্ষে সরকারি- বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রীর ওই বৈঠক হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানরা তাতে অংশ নেন। দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দেশের করোনাভাইরাস পরিস্থিতি এবং সার্বিক বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading