করোনায় দুদক পরিচালকের মৃত্যু

করোনায় দুদক পরিচালকের মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন ০৬ এপ্রিল ২০২০। ১৪:০০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে তিনি মারা যান। দুদক পরিচালক জালাল মারা যাওয়ার পর তার স্ত্রী ও ছেলেকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘সোমবার সকালে জালাল সাইফুর রহমান মারা গেছেন। এ ঘটনায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ শোক প্রকাশ করেছেন।’

কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান গণমাধ্যমকে বলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সোমবার সকালে মারা গেছেন তিনি।

দুদক সূত্রে জানায়, গত ২২ মার্চ প্রথম দফায় জ্বর আসে জালাল সাইফুরের। তখন তাপমাত্রা কম ছিল। ওই সময় জ্বর সেরে যায়। এর দু/তিনদিন পর দ্বিতীয় দফায় ২৪-২৫ তারিখ তার আবারও জ্বর দেখা দেয়। তখনও তাপমাত্র কম ছিল। জ্বরের সঙ্গে হালকা কাশি ছিল। দু’দিন পর তিনি সুস্থ হয়েছে যান। এ অবস্থায় তিনি অফিসও করেন।

তৃতীয় দফায় ৩০ মার্চ তার পুনরায় জ্বর আসে। এবার তাপমাত্রা বেশি ছিল। সেদিনই তিনি আইইডিসিআরকে জানান। পরে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে এবং রাতেই তাকে করোনা ‘পজিটিভ’ বলে জানানো হয়। এরপর জালাল সাইফুরকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সোমবার সকাল পর্যন্ত তাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছিল। এদিন সকালে তিনি মারা যান।

এদিকে, ২৪-২৫ মার্চ অফিস করার সময় জালাল সাইফুরের সংস্পর্শে আসা দুদকের কর্মকর্তা-কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading